প্রিন্ট এর তারিখঃ Nov 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
ময়মনসিংহ অঞ্চলে ব্লু-স্টার প্রোভাইডারদের তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ

জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার
ফোন:০১৬০৮৭৮৩৫১৫
কিশোরগঞ্জ জেলা শহরের পপি এনজিও অফিস ভবনের মিলনায়তনে সামাজিক বিপণন সংস্থা (এসএমসি)-এর উদ্যোগে ময়মনসিংহ অঞ্চলের ব্লু-স্টার প্রোভাইডারদের তিন দিনব্যাপী ‘মৌলিক প্রশিক্ষণ (২০২৬–২৭)’ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রান্তিক পর্যায়ের পল্লী চিকিৎসক ও গ্রাম ডাক্তাররা অংশ নেন।
গ্রাম ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে পরিবার পরিকল্পনা পদ্ধতি, জন্মবিরতিকরণ ইনজেকশন পদ্ধতি, গর্ভকালীন মায়ের স্বাস্থ্যসেবা, গর্ভকালীন অপুষ্টি, কম ওজনের শিশু, চোখের দৃষ্টিজনিত সমস্যা এবং সাধারণ স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
এছাড়া রোগীর প্রাথমিক স্বাস্থ্য পরিস্থিতি বোঝা, সঠিক স্বাস্থ্যপরামর্শ প্রদান, ওষুধ ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মেজবাহ উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম ও ডা. ইফতেখার আলম। তারা প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেন এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
আয়োজকরা জানান, গ্রামবাংলার সাধারণ ও প্রান্তিক মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পল্লী চিকিৎসক ও গ্রাম ডাক্তারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্লু-স্টার নেটওয়ার্কের আওতায় তাদের দক্ষতা ও জ্ঞান আরও সমৃদ্ধ করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে অংশ নেওয়া পল্লী চিকিৎসকরা জানান, আধুনিক ও মৌলিক স্বাস্থ্যসেবা বিষয়ে এ ধরনের প্রশিক্ষণ তাদের রোগীদের প্রাথমিক পর্যায়ে আরও সচেতন ও কার্যকর স্বাস্থ্যপরামর্শ দিতে সহায়তা করবে।
তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণটির সার্বিক আয়োজনে ছিলেন এসএমসি-এর কিশোরগঞ্জের প্রোগ্রাম অফিসার জয়নাল হোসেন। সামাজিক বিপণন সংস্থা (এসএমসি) এ প্রশিক্ষণের আয়োজন করে।
© দৈনিক চেতনার কন্ঠ